https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তারা। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়ালেও বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন দুজন। নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে জানিয়েছেন তারা।
তবে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন ইয়াশ ও তটিনী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’। নাটকটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত।
‘কাবিননামা’য় ইয়াশ রোহান ও তটিনীর সঙ্গে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের এক দিনের মধ্যেই ‘কাবিননামা’র ভিউ ২৫ লাখ ছাড়িয়ে গেছে। পাশাপাশি নাটকটির মন্তব্যের ঘরেও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।
দর্শকদের মন্তব্যে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে ইয়াশ-তটিনীর অভিনয় ও পর্দার রসায়ন। দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক দর্শক।
ইয়াশ-তটিনীর জনপ্রিয়তার বিষয়টি এর আগেও তাদের একসঙ্গে অভিনয় করা নাটকগুলোর সাফল্যে দেখা গেছে। দীর্ঘ সময় পর নতুন নাটক নিয়ে তাদের প্রত্যাবর্তনে দর্শকদের আগ্রহও তাই ছিল বেশ তীব্র। ‘কাবিননামা’র প্রথম দিনের সাড়া সেই আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।