প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আমন্ত্রণ জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় হাকান ফিদান প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার প্রাথমিক পদক্ষেপ। এ লক্ষ্যে উভয় দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজন এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত ‘টু প্লাস টু’ (২+২) বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি যৌথ পরামর্শ কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ, যৌথ উৎপাদন, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।