গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে এবং আশপাশের ভবনেও।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল, উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন