বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে জেন-জি আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তিনি বাংলাদেশের তরুণদের আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন।
প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভিডিও বার্তাটি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বার্তায় নেহা বোরা বলেন, ভারতে বর্তমানে তরুণদের মধ্যে যে আন্দোলন চলছে, তার সূচনা বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য বাংলাদেশের আন্দোলনকারীদের ধন্যবাদ জানান তিনি।
নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। ভারতে বর্তমানে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই ধরনের।
তিনি আরও বলেন, বাংলাদেশের আন্দোলন থেকে ভারতের তরুণরা অনুপ্রেরণা পেয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। এ সময় বাংলাদেশের আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ প্রসঙ্গে নেহা বোরা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও ভারতের তরুণরা একসঙ্গে কাজ করলে একটি সুন্দর দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলনকে কেন্দ্র করে দেওয়া এ বার্তায় দুই দেশের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন