রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকেরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্দোলনরত শ্রমিকেরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার পর্যন্ত এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।