ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে হঠাৎ দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন পাইলট। পরে ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ ভারতীয় নারী অঞ্জনা ভৌমিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের একটি সূত্র জানায়, ঢাকায় অবতরণের পর ওই নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটিতে রোগী অঞ্জনা ভৌমিকের সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ রয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। সি৯০এ মডেলের বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ। এটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ বিমানটিতে মোট সাতজন ছিলেন।
তবে মাঝ আকাশে কী কারণে বিমানের দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


মন্তব্য করুন