চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নার সরঞ্জাম ও ব্যাগেজের ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম সোনাসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা সোনার আনুমানিক রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) সকালে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টার দিকে বিএস-৩৫০ ফ্লাইটে আসা যাত্রীকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হয়। পরে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তল্লাশিতে তার কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের এক জোড়া সোনার চুড়ি। সোনার বারগুলো নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল।

আটক মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়। উদ্ধার করা সোনার পরিমাণ ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের পাশাপাশি তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা সংস্থা, কাস্টমস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।