ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নির্বাচনে কোনো পক্ষ না নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
সোমবার (১৯ অক্টোবর) মার্কিন সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন ভ্যান্স। যুক্তরাষ্ট্রের সরকারি বিমান এয়ারফোর্স টুতে ভ্রমণের সময় তিনি বলেন, নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে—কোনো অবস্থানেই তিনি নেই। ইসরায়েলের নির্বাচনে তিনি কোনো পক্ষ নিচ্ছেন না।
ভ্যান্স জানান, বর্তমানে তাঁর প্রধান মনোযোগ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে। এ নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থন দেওয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রমেই তিনি ব্যস্ত রয়েছেন। তাই ইসরায়েলের নির্বাচনী রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানান তিনি।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত রোববার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে মিত্র হিসেবে থাকার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে নিজের ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
তবে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই সমর্থন আগের অবস্থানের সঙ্গে কিছুটা ভিন্নতা তুলে ধরেছে। চলতি অক্টোবরের শুরুর দিকে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরায়েলের রাজনীতির সঙ্গে তিনি আর যুক্ত নন।
এদিকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের বিপরীতে ভ্যান্সের নিরপেক্ষ অবস্থান মার্কিন প্রশাসনের দুই শীর্ষ নেতার নির্বাচনী অবস্থানের পার্থক্য সামনে এনেছে। তবে ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের নির্বাচন নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনই এখন তাঁর অগ্রাধিকারের বিষয়।

মন্তব্য করুন