নাটোরের বাগাতিপাড়ায় শিয়ালের আক্রমণে নারীসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শিয়ালের কামড়ে আহত প্রথম ব্যক্তি হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন চিকিৎসা নিতে আসেন।

তিনি বলেন, শিয়ালের কামড়ে আহত হলে ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। জলাতঙ্কের ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা নেওয়া জরুরি। হাসপাতালটিতে জলাতঙ্কের টিকা পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, একের পর এক শিয়ালের আক্রমণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।