দুর্গাপূজার ছুটির আমেজে এবার সমুদ্রের টানে কক্সবাজারে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ছুটির সময়টা উপভোগ করছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে প্রকাশ করা তাঁর একগুচ্ছ ছবি ইতিমধ্যে নজর কেড়েছে ভক্তদের।
সাধারণত ছুটি কাটাতে দেশের বাইরে যেতে দেখা যায় মিমকে। তবে এবার দেশের মধ্যেই বেছে নিয়েছেন কক্সবাজার সমুদ্রসৈকত। নীল সমুদ্র আর মনোরম পরিবেশে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে তাঁর স্নিগ্ধ ও প্রাণবন্ত উপস্থিতি।
ছবিতে মিমের পরনে দেখা গেছে নীল প্রিন্টের সাদা টপস। চোখে রোদচশমা, হাতে স্টাইলিশ হ্যান্ডব্যাগ আর চুলে ফুল—সব মিলিয়ে তাঁর বিচ লুক পেয়েছে আলাদা মাত্রা। সাগরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তাঁর এই সাজও নজর কেড়েছে অনুরাগীদের।
শুধু সৈকতে দাঁড়িয়ে ছবি তোলাই নয়, সাদা ঘোড়ার পাশেও পোজ দিয়েছেন মিম। আবার ঘোড়ার পিঠে চড়েও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিগুলোতে কখনো তাঁকে দেখা গেছে শান্ত, স্নিগ্ধ ভঙ্গিতে, কখনো আবার ছুটির আনন্দে মেতে উঠতে।
মিমের প্রকাশ করা ছবিগুলোর পেছনে বাজছে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর জনপ্রিয় গান ‘দূর দীপবাসিনী’। গানটির আবহ ছবিগুলোতে যোগ করেছে বাড়তি নান্দনিকতা।
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা যাচ্ছে আগ্রহ। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সাজ, সৌন্দর্য ও ছবির প্রশংসা করছেন।
কাজের ব্যস্ততার বাইরে সমুদ্রের নীল জলরাশি আর প্রকৃতির সান্নিধ্যে মিমের এই ছুটির মুহূর্তগুলো যেন ভক্তদেরও মনে করিয়ে দিচ্ছে—ব্যস্ত জীবনে নিজের জন্য একটু সময় রাখাও জরুরি।

মন্তব্য করুন