কক্সবাজারে পর্যটনকেন্দ্রের হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় হোটেলে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পর্যটকেরা নিরাপদে রয়েছেন।
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর কয়েক দিনের ব্যবধানে আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন