ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ছয় দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা আরব আমিরাতের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ৩৯ বার পঠিত
ছয় দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা আরব আমিরাতের

ছবি: -সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনী ভিসা) সুবিধা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারীরা এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন।

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ভ্রমণকারীরা দেশটিতে পৌঁছানোর পর ১৪ দিন বা ৬০ দিনের ভিসা অন অ্যারাইভাল গ্রহণ করতে পারবেন। তবে এ সুবিধা পেতে তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডার বৈধ আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) থাকতে হবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই উদ্যোগ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণকারীদের জন্য সহজ ও ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন এই ব্যবস্থা সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য ইউএইর পর্যটন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে দেখার সুযোগ তৈরি করবে। পাশাপাশি বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে আমিরাতের অবস্থান আরও শক্তিশালী হবে।

এদিকে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, নতুন সংশোধনীগুলো ইউএইর ভিসা ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্মত করার প্রচেষ্টার অংশ। এর মাধ্যমে ভ্রমণ, পর্যটন ও বৈশ্বিক যোগাযোগ সহজতর হবে।

কর্তৃপক্ষ জানায়, ১৪ দিনের ভিসা একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য দেওয়া হবে এবং এটি নবায়নযোগ্য নয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ভিসাধারীদের অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। অন্যথায় অতিরিক্ত অবস্থানের জন্য প্রতিদিন ৫০ দিরহাম জরিমানা গুনতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৪ দিনের ভিসার মোট ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার ফি ২৫০ দিরহাম।

ইউএই কর্তৃপক্ষ আশা করছে, এই সিদ্ধান্ত পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করবে এবং দেশটির বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930