নীল সমুদ্র, বিস্তীর্ণ বালুকাবেলা আর দিগন্তজোড়া সূর্যাস্তের সৌন্দর্যে সেজেছে সাগরকন্যা কুয়াকাটা। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬’। বিচ ফুটবল, ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে সৈকতজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টসংলগ্ন ডিসি পার্ক এলাকায় বিচ ফুটবলের মধ্য দিয়ে কার্নিভালের কার্যক্রম শুরু হয়। বিকেলে বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রথম দিনে আটটি দলের অংশগ্রহণে চারটি বিচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে লেম্বুরবনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই কার্নিভালের লক্ষ্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরা। আয়োজনে জনপ্রিয় শিল্পী, অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশনা। ২৫ অক্টোবর সকালে সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে কার্নিভাল-সংশ্লিষ্ট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

কার্নিভাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যটনমন্ত্রী বলেন, দেশে প্রায় দেড় হাজার পর্যটন আকর্ষণীয় স্থান থাকলেও সেগুলোর সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। পরিকল্পিত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়া জরুরি। তার মতে, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

যোগাযোগব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প আগামী তিন মাসের মধ্যে একনেকে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

কার্নিভাল ও টানা ছুটিকে কেন্দ্র করে সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতি ও লেম্বুরবনসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। হোটেল-মোটেলে কক্ষের চাহিদা বাড়লেও ভাড়া ও খাবারের দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কিছু পর্যটক।

সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, সহজ যোগাযোগ ও উন্নত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পাবে।