https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জাতীয় সংসদে ব্যক্তিকে তোষামোদ করার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ দায়িত্ব পালনের জায়গা, কোনো ব্যক্তির প্রশংসা বা চরিত্র হননের স্থান নয়।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি ও বিরোধী দলের মতপার্থক্য থাকাই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে উভয় পক্ষের উচিত পারস্পরিক সম্মান বজায় রেখে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদে ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যের চরিত্র হননের সংস্কৃতি আর চলতে দেওয়া উচিত নয়।
তিনি বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন উল্লেখ করে বলেন, বিরোধী দলের দায়িত্ব সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করা এবং জনগণের স্বার্থ রক্ষা করা। সরকার ভালো উদ্যোগ নিলে বিরোধী দল তার বিরোধিতা করবে না, আবার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তও সমর্থন করবে না।
ডা. শফিকুর রহমান অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বল্প সময়ের মধ্যে একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতায় বাজেট প্রণয়ন সহজ কাজ ছিল না। তবে বাজেটে ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে এবং বিরোধী দলের যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া উচিত।
বাজেট বাস্তবায়নে কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়ে তিনি বলেন, জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালু করলে প্রকল্প বাস্তবায়নে শেষ মুহূর্তের তাড়াহুড়া, অপচয় ও অনিয়ম কমবে এবং সরকারি ব্যয় আরও কার্যকর হবে।
এ সময় তিনি সংসদকে জাতীয় ঐক্য, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।