বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পঠিত
ছবি: -সংগৃহীত
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আবার শুরু হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর পরীক্ষার হলে ফিরছেন এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী।
আজ সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে নেওয়া হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যোগাযোগব্যবস্থার দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার কিছু বিষয়ও স্থগিত করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা বন্ধ ছিল। চলতি বছর এ বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।