ঢাকা
২৭ আগস্ট ২০২৬

অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত কোনো অপরাধের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে বা আইনের আওতায় আনতে ব্যর্থ হয়নি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সরকার যে আইনশৃঙ্খলা বাহিনী ও পরিস্থিতি পেয়েছে, তার সঙ্গে জনগণের প্রত্যাশার বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের জনগণের সেবক হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার সময় বাহিনীগুলোর মনোবল ও সক্ষমতা দুর্বল অবস্থায় ছিল। গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি হয়েছে এবং সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছেন।

রংপুরের একটি সাম্প্রতিক ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই ঘটনায় জড়িতদের যৌক্তিক সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। একইভাবে রামিসা হত্যা মামলাসহ আলোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে। তবে স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি পরিবর্তন আশা করা বাস্তবসম্মত নয়।

পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। এসব বাহিনীর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, সনদ ও পদক দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031