ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ৩ বিল ও সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ৩ বিল ও সংসদীয় কমিটি

ছবি: -সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে তিনটি বিল উত্থাপন, সংসদীয় কমিটি গঠন এবং পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাব রয়েছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাবের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব উত্থাপন করা হবে। একই দিনে সংসদীয় কমিটি গঠনের কার্যক্রমও শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দুই অধিবেশনে ইতোমধ্যে ১৯টি কমিটি গঠন করা হয়েছে। কার্যপ্রণালি বিধি অনুযায়ী, নতুন সংসদের তৃতীয় অধিবেশনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠন করতে হয়। তাই এবারের অধিবেশনে বাকি কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

প্রথম দিনের কার্যসূচিতে তিনটি বিল উত্থাপনের কথা রয়েছে। এগুলো হলো ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬।

১৮৮২ সালের ট্রান্সফার অব প্রপার্টি আইন সংশোধনের জন্য প্রথম বিলটি আনা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে উত্থাপন করা হবে জাতীয় মানবাধিকার কমিশন বিল। আর গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের মাধ্যমে গুমের ঘটনায় দায়ীদের শাস্তি, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণ এবং প্রতিকারের পাশাপাশি মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার বিধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কার্যসূচি অনুযায়ী, ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হবে। গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে।

এ ছাড়া অধিবেশনের প্রথম দিনে পাঁচটি বেসরকারি সদস্যের সিদ্ধান্ত-প্রস্তাব রয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি কলেজ স্থাপন, পটিয়া আদালত ভবন পুনর্নির্মাণ, নরসিংদীর রেল যোগাযোগ ও সড়ক সম্প্রসারণ এবং সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। এরপর ৭ জুন দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের পরও অধিবেশন চলতে থাকে এবং ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হয়। প্রায় দেড় মাস বিরতির পর বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031