https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের চার শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহতরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে ফেরদৌস ও সাজিদুর গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসির একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পরে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন।
এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। সেখানে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে আরও দুই রসায়ন শিক্ষার্থী আহত হন। পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের জাবির ইবনে হাইয়ান ভবনে হামলা ও ভাঙচুর চালান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।
কমিটির প্রধান করা হয়েছে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।