https://timenewsbangla.com

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত সাড়ে চার মাসের শিশু মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, সোমবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। একই সময় মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং তাঁর স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিদা আক্তার তিশাকে (২৫) গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গত ২১ আগস্ট শিশুটির বাবা-মা নাইক্ষ্যংছড়ির ইসলামপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে নুরুল আলম ও তাঁর স্ত্রী ত্রিশার সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরদিন বিকেলে ত্রিশা মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে পাশের ঘরে যান। এরপর দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু শিশুসহ ওই দম্পতির সন্ধান পাওয়া যায়নি।
র্যাবের দাবি, ২৬ আগস্ট দুটি মোবাইল নম্বর থেকে শিশুটির মায়ের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন ও উদ্ধার হওয়া শিশুকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||