ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ কর্মসূচি

ছবি: -সংগৃহীত

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকারের আশঙ্কা, সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে দেশে ডেঙ্গু সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান, বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা শনাক্তে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে।

উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার চালুর পাশাপাশি বেশি রোগীর চাপ সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। ডেঙ্গু চিকিৎসায় প্রায় ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলোকে ১০ শতাংশ শয্যায় বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলোকে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

এদিকে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি, প্রয়োজনে নির্ধারিত শয্যা বাড়ানো এবং পর্যাপ্ত মশারি, স্যালাইন, ওষুধ ও পরীক্ষার কিট নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচিতে স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের যুক্ত করা হবে। মসজিদের ইমাম ও স্কুল হেলথ কর্মসূচির মাধ্যমেও সচেতনতা বাড়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। এ সময়ে মারা গেছেন ১৩০ জন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930