নতুন ব্যবস্থায় নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীর যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। এতে এসব এলাকার পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।
মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছাবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৬৮৫ টাকা, স্নিগ্ধা ১ হাজার ৩১১ টাকা এবং এসি বার্থ ২ হাজার ৪০৮ টাকা।
অন্যান্য স্টেশনের শোভন চেয়ার ভাড়া হলো নরসিংদী থেকে ৬১০ টাকা, ভৈরববাজার থেকে ৫৬৫ টাকা, আশুগঞ্জ থেকে ৫৩৫ টাকা, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫১৫ টাকা, আখাউড়া থেকে ৪৯৫ টাকা, কসবা থেকে ৪৭৫ টাকা, কুমিল্লা থেকে ৪৩৫ টাকা, লাকসাম থেকে ৪১০ টাকা, নাঙ্গলকোট থেকে ৩৯৫ টাকা, ফেনী থেকে ৩৫৫ টাকা এবং চট্টগ্রাম থেকে ২৪০ টাকা।
নির্ধারিত সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় এবং কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটিতে মোট ৭০৬টি এবং ফেরার পথে ৭৩৬টি আসন থাকবে। শোভন চেয়ার ও স্নিগ্ধার পাশাপাশি এসি বার্থ এবং এসি সিটের সুবিধাও থাকছে।
নতুন এই রেলসংযোগ চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য কক্সবাজার ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন