প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউনিটটির বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে প্রথম ইউনিটটি ‘স্টেজ-সি’ বা ‘পাওয়ার স্টার্টআপ’ পর্যায়ে প্রবেশ করবে। এ ধাপে রিঅ্যাক্টরসহ বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, নিয়ন্ত্রণব্যবস্থা এবং নিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা যাচাই করা হবে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, স্টেজ-সি পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন কারিগরি ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। একই সঙ্গে টারবাইন, জেনারেটর, বৈদ্যুতিক সরঞ্জাম এবং সুরক্ষাব্যবস্থার সমন্বয়ও যাচাই করা হবে।
এই পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করার সক্ষমতা যাচাই করা। গ্রিডের সঙ্গে সমন্বয় রেখে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব কি না, তা পরীক্ষা করা হবে।
তবে স্টেজ-সি পর্যায়ে প্রবেশ করলেই বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে না। এর আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, কমিশনিং কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন করতে হবে।
সব পরীক্ষা সন্তোষজনকভাবে শেষ হলে প্রথম ইউনিটকে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনা পর্যায়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই অগ্রগতি দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ও বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় নির্ভর করছে পরবর্তী পরীক্ষা এবং প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

মন্তব্য করুন