রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ জন রয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ ও গুলশান বিভাগে ৭৮ জন করে, উত্তরা বিভাগে ৫৭ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ছয়জনকে।

অভিযানকালে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ।

এ ছাড়া পুলিশের অভিযানে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএমপি। এসব অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চালানো হচ্ছে।

ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।