প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে সংস্কার করা সড়ক দুই দিনের মধ্যেই আবার বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তড়িঘড়ি কাজের কারণে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে দাবি স্থানীয়দের। একই সঙ্গে নগরীর সড়ক বিভাজকে রং করার কাজ নিয়েও উঠেছে অনিয়মের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রংপুর সফরকে সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সড়কের একটি অংশ সংস্কার করা হয়। মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এ সফর ছিল।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকলেও আগে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে তড়িঘড়ি কাজ করা হয়। সংস্কারের দুই দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে আবার খানাখন্দ তৈরি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়ছেন চালক ও যাত্রীরা।
স্থানীয়দের ভাষ্য, সড়কটির সংস্কারে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে এই ব্যয়ের পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এলাকাবাসী সংস্কারকাজের মান, ব্যয়ের স্বচ্ছতা এবং দরপত্র প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, সড়ক মেরামতের পাশাপাশি নগরীর সড়ক বিভাজকে রং করার কাজেও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী কামাল পাশা জানান, সড়ক সংস্কারের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। বিভাগের রক্ষণাবেক্ষণ খাতের অর্থ থেকে কাজটি করা হয়েছে। তবে কত টাকা ব্যয় হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।
সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা কাজের মান ও ব্যয়ের হিসাব তদন্ত করে দেখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন