বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, প্রশাসনিক জটিলতা কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে আন্তর্জাতিক পুঁজি আকর্ষণে সমন্বিত বিনিয়োগ কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত গ্লোবাল ইনভেস্টমেন্ট প্রমোশন কনফারেন্সের একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আশিক চৌধুরী।
তিনি বলেন, জ্বালানি খাতের রূপান্তর ত্বরান্বিত করতে বিনিয়োগ সহায়ক অবকাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের চাহিদার সঙ্গে দেশের অগ্রাধিকারগুলোর সমন্বয় করা হচ্ছে।
আশিক চৌধুরী জানান, বিনিয়োগকারীদের জন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমাতে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে বিনিয়োগ উন্নয়ন, নীতি গবেষণা, শিল্পের জন্য জমি প্রস্তুত এবং প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, অবকাঠামো ও জ্বালানি খাতে জমি প্রাপ্তি, আইনি প্রক্রিয়া এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প তৈরির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরিচ্ছন্ন জ্বালানি খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে তিনি বাণিজ্যিক সৌরবিদ্যুৎ উৎপাদন, শিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালন ও গ্রিড অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেন।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আয়োজিত এই ফোরামে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নিয়েছে।

মন্তব্য করুন