https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে মাত্র দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন প্রায় ১৪ হাজার গ্রাহক। ব্যাংকটির কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথম দিনে প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা ফেরত নেন। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আরও ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা তুলে নেন। অর্থাৎ দুই দিনে মোট ৫৮১ কোটি টাকা ফেরত নিয়েছেন গ্রাহকরা।
এর আগে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের চাহিদা জমা পড়ে।
এর মধ্যে ১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬টি আবেদনে ১ হাজার ৩২৯ কোটি টাকা, ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩টি আবেদনে ১ হাজার ১৬ কোটি টাকা, তৃতীয় দিনে ২১ হাজার ৮৬টি আবেদনে ৯২৩ কোটি টাকা এবং শেষ দিনে ১৫ হাজার ৪৭৬টি আবেদনে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়।
সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা আমানত ছিল।
এদিকে গত ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকটির অনলাইন অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু হয়েছে। ব্যক্তি আমানতকারীদের মূল টাকা ফেরাতে তারল্য সহায়তা হিসেবে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মেয়াদি আমানতের পুরো মূল টাকা একবারে তুলে নিলে তা চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য হবে এবং কোনো মুনাফা দেওয়া হবে না। তবে আমানত চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।