https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে। দুই পক্ষের সম্মতিতে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে।
তিনি বলেন, বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে দেশটির ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশ চায়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নিয়মিতভাবে যেন বাংলাদেশিরা ওমানে যেতে পারেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী ওমানে পাঠাতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন।