প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার একমাত্র মেয়ে তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা তানি এক পোস্টে জানান, তার মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তানি বলেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এ ধরনের ভুয়া খবর ও এআই-নির্ভর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডে তিনি অত্যন্ত বিরক্ত ও অতিষ্ঠ। সংশ্লিষ্ট কনটেন্টগুলোর বিরুদ্ধে একে একে রিপোর্ট করার কথাও জানান তিনি।

মায়ের দীর্ঘ সংগীতজীবনের কথা তুলে ধরে তানি বলেন, রুনা লায়লা জীবনের ছয়টি দশক সংগীতের পেছনে উৎসর্গ করেছেন। এরপরও তাকে নিয়ে এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক।

রুনা লায়লার শারীরিক অবস্থার বিষয়ে তানি স্পষ্ট করে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি।’

গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তানি। পাশাপাশি রুনা লায়লার ভক্তদের ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার অনুরোধ করেছেন তিনি।

এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতচর্চায় সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত একক সংগীতানুষ্ঠানেও অংশ নেন এই কিংবদন্তি শিল্পী।