এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানি, সরবরাহ ও মূল্যসংক্রান্ত সমস্যার প্রতিবাদে দুই দিন সারা দেশে গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডার বিক্রি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং ব্যবসায়ীদের দাবিদাওয়া পূরণের জন্যই দুই দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণন কার্যক্রম জিম্মি হয়ে পড়েছে। এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে দেশে এলপিজির দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষও রয়েছে। সর্বশেষ গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

তবে ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামে অনেক জায়গায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের।

এ অবস্থায় ব্যবসায়ীদের দুই দিনের কর্মসূচিতে সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রিতে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে ভোগান্তিতে পড়তে পারেন বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এলপিজি ব্যবহারকারীরা।