রাজধানীর শ্যামলী মোড়ে ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপরজনের নাম মুক্তা। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ জানায়, দুর্ঘটনায় এক নারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অপর নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।