ব্রাজিলের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি স্বপ্নের জীবনসঙ্গীর সঙ্গে দেখা করতে নিজের সব সম্পত্তি বিক্রি করে পাড়ি দিয়েছিলেন ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যাকে বিয়ে করে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখেছিলেন, সেই নারীর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের বাসিন্দা এদিমার মার্তিন্স পেশায় একজন রাজমিস্ত্রি। স্থানীয় সম্প্রচারমাধ্যম টিভি মিরান্তেকে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ নামের একটি অ্যাকাউন্টের সন্ধান পান তিনি। ওই নারী ‘জেসিকা ফাজেনদেইরা’ নামেও পরিচিত ছিলেন।
অ্যাকাউন্টটিতে তিন লাখেরও বেশি অনুসারী ছিল। সেখানে একটি খামারে নারীর গ্রামীণ জীবনযাপনের নানা ভিডিও প্রকাশ করা হতো। ভিডিওগুলোতে পুরুষদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানানো এবং আবাসন ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হতো।
মায়ের মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন এদিমার। তাই ওই নারীর প্রতিশ্রুতিতে আশাবাদী হয়ে ওঠেন তিনি। তাঁর বিশ্বাস ছিল, জেসিকা তাঁকে নতুন জীবন শুরু করতে সাহায্য করবেন। একপর্যায়ে তাঁকে নিজের সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন এদিমার।
গত ৯ অক্টোবর ওই নারীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রার খরচ জোগাতে নিজের সব মালামাল বিক্রি করে দেন। বাসে এক দিনেরও বেশি সময় ভ্রমণের পর ১১ অক্টোবর শহরটিতে পৌঁছান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
কিন্তু সেখানে পৌঁছে শুরু হয় তাঁর হতাশার পালা। সঙ্গে নিয়ে যাওয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে ওই নারীর খোঁজ জানতে চান তিনি। কেউই তাঁকে চিনতে পারেননি। পরে একটি স্থানীয় বেতারকেন্দ্রে গেলে তাঁকে জানানো হয়, ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই; সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি ভুয়া।
এরপরই এদিমার জানতে পারেন, যাঁর সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন, তিনি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
ঘটনার পর নিজের হতাশার কথা জানিয়ে এদিমার বলেন, এই ঘটনা আমার জীবনে শুধু দুঃখ, হতাশা আর অবসাদই বয়ে এনেছে। অনেকেই একটি সম্পর্ক খুঁজে পেতে চায়, আমিও তাই চেয়েছিলাম।


মন্তব্য করুন