ফ্রান্সে স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভের জেরে দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তার, পুলিশ সদস্যদের আহত হওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভে সহিংসতা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গত এক মাসে ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
এ ছাড়া দেশজুড়ে প্রায় ১ হাজার ৫০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকানেই লুটপাট চালানো হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বোম্পার বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে, বিক্ষোভে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর মতে, এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

মন্তব্য করুন