লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি আর্দা গুলার ও দিয়োমান্দের একেকটি গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

রোববার রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে ইয়ান দিয়োমান্দের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্দা গুলার।

এর সাত মিনিট পর জুড বেলিংহ্যামের পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। পানেনকা কিকে বল জালে পাঠিয়ে রিয়ালের লিড ৩-০ করেন তিনি।

৮০ মিনিটে মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। তবে দুই মিনিট পরই আউরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন দিয়োমান্দে।

পুরো ম্যাচে বল দখলে সুস্পষ্ট আধিপত্য ছিল রিয়ালের। ৬৫ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে লক্ষ্যে আটটি শট নেয় দলটি, যার চারটিই জালে জড়ায়। অন্যদিকে সেভিয়ার লক্ষ্যে থাকা পাঁচটি শটের মধ্যে সফল হয় মাত্র একটি।

এই জয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্ট।