বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৮, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এদিন দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, সোমবার সকালে লাহোরের বায়ুমান সূচক ছিল ২৩৮। ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৭১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

ঢাকার বায়ুমান সূচক ১৬৮ হওয়ায় শহরটির বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের দূষিত বাতাসে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।