শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু, এরপর দীর্ঘ বিরতি। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আবারও অভিনয়ে ফেরা। এবার বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বিদুষী বর্ণিতা। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নতুন প্রেমের সিনেমায় শরিফুল রাজের নায়িকা হতে যাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি।

মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান বর্ণিতা। এরপর নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। কিন্তু একটা সময় অভিনয় থেকে দূরে সরে যান। প্রায় ১০ বছরের বিরতি শেষে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এরপর ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও বিনোদন অঙ্গনে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন।

রায়হান রাফির সিনেমায় অভিনয়ের বিষয়ে বর্ণিতা বলেন, তিনি নির্মাতার একটি সিনেমায় কাজ করছেন। তবে এ মুহূর্তে বিস্তারিত জানাতে পারছেন না। রাফি দুটি সিনেমার পরিকল্পনা করছেন, যার কোনটিতে তিনি অভিনয় করবেন, তা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে কয়েক দিন ধরে সিনেমার কাজের জন্য রিহার্সাল করছেন তিনি।

অন্যদিকে, নতুন সিনেমা নিয়ে শরিফুল রাজ জানিয়েছেন, তাঁর হাতে একাধিক কাজ রয়েছে। যে নির্মাতা আগে শুটিং শুরু করবেন, তাঁর সিনেমার কাজই আগে করবেন তিনি।

রাফির টিম সূত্রে জানা গেছে, রাজ ও বর্ণিতাকে জুটি করে নির্মিত হবে প্রেমের গল্পের সিনেমাটি। ঈদকে সামনে রেখে ছবিটির পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ণিতা। আগামী ২৯ অক্টোবর আইস্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার, এবার শরিফুল রাজের বিপরীতে বড় পর্দায় অভিষেকের অপেক্ষা—বর্ণিতার ক্যারিয়ারে নতুন এই অধ্যায় দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।