বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার আগে একেবারেই ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাভিনা ট্যান্ডনকে। বিজ্ঞাপনের সেটে কাজ করা, স্টুডিয়োর মেঝে পরিষ্কার করা, এমনকি শৌচাগারের মেঝে থেকে বমি পরিষ্কার করার মতো কাজও করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জগতে প্রবেশের আগের সেই দিনগুলোর কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।
রাভিনার বাবা রবি ট্যান্ডন ছিলেন পরিচিত চলচ্চিত্র পরিচালক। ফলে চলচ্চিত্রের পরিবেশ তাঁর কাছে অপরিচিত ছিল না। তবে পরিচালকের মেয়ে হওয়া সত্ত্বেও শুরু থেকেই অভিনেত্রী হওয়ার পরিকল্পনা ছিল না তাঁর। বরং ক্যামেরার পেছনে কাজ করার প্রতিই আগ্রহী ছিলেন তিনি।
রাভিনা জানান, দশম শ্রেণি পাস করার পর বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের সঙ্গে কাজ শুরু করেন। সেখানে ইন্টার্ন হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করতে হতো তাঁকে। বিজ্ঞাপনের সেটে নানা ধরনের কাজের পাশাপাশি স্টুডিয়ো পরিষ্কার রাখার দায়িত্বও ছিল তাঁর।
তখন অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেননি রাভিনা। কিন্তু বিজ্ঞাপনের শুটিংয়ে কোনো মডেল সময়মতো পৌঁছাতে না পারলে প্রহ্লাদ কক্কর তাঁকেই সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়াতে বলতেন। এভাবেই মডেলিংয়ের সঙ্গে পরিচয় ঘটে তাঁর।
পরবর্তী সময়ে বারবার বিনা পারিশ্রমিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর পরিবর্তে মডেলিংকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেন রাভিনা। নিজের হাতখরচ চালানোর জন্য উপার্জনের তাগিদ থেকেই শুরু হয় তাঁর মডেলিং ক্যারিয়ার। সেখান থেকেই আসে অভিনয়ের প্রস্তাব।
এভাবেই ক্যামেরার পেছনে কাজ করার আগ্রহ নিয়ে শুরু হওয়া পথচলা তাঁকে নিয়ে যায় বলিউডের রুপালি পর্দায়। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা অর্জনের পর দীর্ঘদিন ধরেই অভিনয়জগতে নিজের অবস্থান ধরে রেখেছেন রাভিনা ট্যান্ডন।

মন্তব্য করুন