লক্ষ্মীপুরের সদর উপজেলায় মাটির ব্যবসাকে কেন্দ্র করে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি মাটির ব্যবসা করতেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্ত্রী, মেয়ে ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাঁরা এ হত্যাকাণ্ডের বিচার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের অভিযোগ, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামে এক ব্যক্তি তাঁকে গুলি করেছেন। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তাঁরা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।