দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। রোমান্টিক ও আবেগঘন চরিত্রের বাইরে এবার পর্দায় একজন দৃঢ়চেতা সিবিআই কর্মকর্তার ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। নতুন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। গল্পে লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদ্ঘাটনে জটিল তদন্তে নামেন এই কর্মকর্তা। অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের বাসিন্দা নিত্যার সঙ্গে বনাঞ্চলের রয়েছে গভীর আবেগের সম্পর্ক। তাঁর বাবা ছিলেন একজন বন কর্মকর্তা, যিনি বন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। বাবার আত্মত্যাগ ও প্রকৃতির প্রতি ভালোবাসাই চরিত্রটির দৃঢ়তার অন্যতম ভিত্তি।
সিনেমাটিতে ধানুশ ও বর্ষীয়ান অভিনেতা মাম্মুটিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ধানুশের সঙ্গে সাই পল্লবীর পুনরায় জুটি বাঁধার খবরেও উচ্ছ্বসিত ভক্তরা। এর আগে ‘মারি ২’ সিনেমার ‘রাউডি বেবি’ গানে তাঁদের রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিল।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ছবিটির মুক্তির তারিখ নিয়েও পরিবর্তনের খবর এসেছে। তবে নতুন লুকে সাই পল্লবীর উপস্থিতি এবং অপরাধ তদন্তের গল্প সিনেমাটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।
এদিকে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবীর অভিনয় নিয়েও আলোচনা চলছে। তবে নতুন এই অ্যাকশনধর্মী চরিত্রে তাঁর অভিনয় কতটা সাড়া ফেলবে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত।

মন্তব্য করুন