ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
আখতার আহমেদ বলেন, নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের পরিবেশ স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওর্ন ক্যামেরা। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে আশা করছে কমিশন।
ভোটারদের আশ্বস্ত করে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা বাধার মুখে না পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

মন্তব্য করুন