রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন না করা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীর হাঁটাচলার অধিকার ফিরিয়ে দিতে যেসব এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে রাখা হয়েছে, সেসব জায়গায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর-১, শাহ আলী, দারুস সালামসহ আশপাশের এলাকার বাসিন্দারা অবৈধ দখলের কারণে ফুটপাত ও সড়ক ব্যবহারে ভোগান্তির শিকার হচ্ছেন। হকারদের দখলে থাকা এসব জায়গা নগরবাসীর কাছে ফিরিয়ে দেওয়া তাঁর দায়িত্ব বলে মনে করেন তিনি। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মার্কেট কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ এসেছে বলে জানান তিনি।

তিনি বলেন, সকাল ১১টায় শুরু হওয়া অভিযান দুপুরেও চলছিল। অভিযানে স্থানীয় বাসিন্দা, মার্কেট কমিটির প্রতিনিধি ও দোকানিরা সহযোগিতা করছেন। মিরপুর-১০ নম্বর এলাকায় আগে ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে গাছ লাগানো হয়েছে। একইভাবে মিরপুর-১ নম্বর এলাকাকেও হাঁটাচলার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এ কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। উচ্ছেদের পর যাতে আবার ফুটপাত দখল না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সংশ্লিষ্টদের নজরদারি রাখার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ করা জায়গায় কেউ পুনরায় অবৈধভাবে বসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর-১০ নম্বরের মতো মিরপুর-১ নম্বর এলাকার ফুটপাতও স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

তিনি নগরবাসীকে ফুটপাত দখলমুক্ত রাখার কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।