ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন না নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগে অভিশংসন প্রস্তাবের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদের সদস্য ও কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি ধারা উত্থাপন করেন।
অভিশংসন প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একক সিদ্ধান্তে বরখাস্ত এবং ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার অভিযোগও আনা হয়েছে।
প্রস্তাবটি নিয়ে আগামী দুই দিন প্রতিনিধি পরিষদে আলোচনা ও ভোট হওয়ার কথা রয়েছে। তবে রিপাবলিকান নেতৃত্ব পদ্ধতিগত কৌশলে সরাসরি ভোট এড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাসি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হেগসেথ দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। তাই তাঁকে অভিশংসনের উদ্যোগের যৌক্তিকতা তিনি বুঝতে পারছেন না। হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও তাঁর পাশে থাকবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অভিশংসন প্রস্তাবের সমালোচনা করেছেন। তবে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস ও চাক শুমারসহ বিরোধী দলের নেতারা প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছেন।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন পিট হেগসেথ। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দুবার অভিশংসনের মুখে পড়েও টিকে গেছেন। তাঁর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপ অভিশংসিত হয়েছিলেন। ঘুষ গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ম্যাসির প্রস্তাব গৃহীত হলে ১৫০ বছর পর আবারও কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অভিশংসনের মুখে পড়বেন।

মন্তব্য করুন