উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন রুশ ও লিবীয় নাগরিক নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার ভোরে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলা হয়। বন্দরসূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। হামলার পর জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে যায়। শুধু সামনের কিছু অংশ পানির ওপরে দেখা যায়।
মার্কিন বার্তা সংস্থা এপি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে সামুদ্রিক ড্রোন ছুড়ে জাহাজটিতে হামলা চালানো হয়। তবে ইউক্রেন বা রাশিয়া কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এদিকে একই দিন বেনগাজি বন্দরের কাছে মাল্টার পতাকাবাহী আরেকটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলা হয়। জাহাজটির সব নাবিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে বেনগাজিভিত্তিক প্রশাসন। তাদের আশঙ্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এবার ভূমধ্যসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

মন্তব্য করুন