ঢাকা
২৭ আগস্ট ২০২৬

২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

ছবি: -সংগৃহীত

কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন খাতকে চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তহবিলের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী জানান, কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হবে।

প্রণোদনা তহবিলের আওতায় পাঁচটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও সেবা খাতের উন্নয়নে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তার পাশাপাশি উৎপাদন সম্প্রসারণে ৬ শতাংশ সুদ ভর্তুকি দেওয়া হবে। ফলে উদ্যোক্তারা বাজারের প্রচলিত সুদের তুলনায় অনেক কম খরচে ঋণ সুবিধা পাবেন, যা নতুন বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এই তহবিল দেশের শিল্প, কৃষি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031