ছবি: -সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয় নাই আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, নবজাতকদের এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং সেখান থেকেই মর্মান্তিক ঘটনার সূত্রপাত।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন নবজাতকদের জন্য নির্ধারিত কক্ষে প্রয়োজনীয় পরিবেশ ছিল না। দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে মন্তব্য করেন মন্ত্রী।
লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর মতো ঘটনার পর কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না। তার মতে, এই সিদ্ধান্ত দেশের বেসরকারি হাসপাতালগুলোকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য হাসপাতালটির পক্ষ থেকে বিভিন্নভাবে তদবির করা হয়েছে। তবে তিনি কোনো ধরনের প্রভাব বা প্রলোভনের কাছে নতি স্বীকার করেননি বলে জানান।
অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাইলট প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন এবং প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা সুবিধা রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।