জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ২৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৮৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। ম্যাচটি শেষ হয়েছে তৃতীয় দিনেই।
দ্বিতীয় ইনিংসে আগের দিন এক উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। মাত্র এক রান যোগ করেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। ব্লেসিং মুজারাবানির বলে ব্যাট-প্যাডের সমন্বয় করতে না পেরে তিনি আউট হন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি। ১৩ রান করে বিদায় নেওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৬/৩।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় জুটি গড়ে তুলতে পারেননি। অন্যদিকে তাওহীদ হৃদয়, অমিত হাসানসহ মধ্য ও নিম্নক্রমের ব্যাটাররাও ব্যর্থ হন। ফলে ইনিংস পরাজয় এড়ানোর মতো সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে ম্যাচ হারতে হয় টাইগারদের। ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতাই এই পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

মন্তব্য করুন