যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় তুলনামূলক কম শুল্কের সুযোগ পাচ্ছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে আন্তর্জাতিক বাজারে ভারতীয় রপ্তানিকারকদের প্রতিযোগিতার সুযোগ বাড়তে পারে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্কহারের প্রস্তাব প্রকাশ করে। এতে চুক্তি সাপেক্ষে বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে ১৮ শতাংশ এবং চীন ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে চুক্তি না হলে দেশটির ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুঁশিয়ারি রয়েছে।

তবে প্রস্তাবিত শুল্কহার এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ বিষয়ে লিখিত মতামত জমা দেওয়া যাবে। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে গণশুনানি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা।

ওয়াশিংটনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিজিএ অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপের অংশীদার আত্মান ত্রিবেদীর মতে, প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ভারত দর-কষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে। জি-২০ সম্মেলনের আগেই চুক্তি সইয়ের বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র।

এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার ঘোষণা দিয়েছিলেন। তবে মার্কিন সুপ্রিম কোর্টের আগের শুল্কসংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের পর নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ নাকচ করেছে নয়াদিল্লি। একই সঙ্গে বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।