ইসরায়েলে জাতীয় ঐক্যের ভিত্তিতে জোট সরকার গঠনে সম্মত হয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রস্তাবিত এই সরকারে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। পরবর্তী সময়ে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন নেতানিয়াহু।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, একজন নেতা হিসেবে দায়িত্ব পালনের স্বার্থে সবচেয়ে বড় দলের আদর্শসহ অন্যান্য বিষয় একপাশে সরিয়ে রাখা তার কর্তব্য। জাতীয় স্বার্থে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্যও তিনি প্রস্তুত বলে জানান।
এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিনের সময়সীমা বেঁধে দেন। এরপর আইজেনকোট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি জোট সরকার গঠনে সমঝোতার আহ্বান জানান।
তবে সরকার গঠন নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির বিরুদ্ধে ৬ ডিসেম্বরের সময়সীমার মধ্যে সমঝোতা চূড়ান্ত করতে কালক্ষেপণের অভিযোগ তোলেন।
সাম্প্রতিক নির্বাচনে আইজেনকোটের মধ্যপন্থি ইয়াশার পার্টি এবং অন্য তিনটি বিরোধী ইহুদি দল সম্মিলিতভাবে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। ফলে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট নামে দুটি আরব সংখ্যাগরিষ্ঠ জোট যৌথভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, ইসরায়েল বেতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটস আইজেনকোটের সঙ্গে জোট গঠনে সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এতে সরকার গঠনের আলোচনা নতুন গতি পেয়েছে।

মন্তব্য করুন