তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দ্রুত সুখবর পাওয়ার আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানিয়েছেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফলে প্রকল্পটি নিয়ে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ আরও এগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গেও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশের মরুকরণ সৃষ্টি করার বিষয়টি মেনে নেওয়া হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী দলটিকে সন্ত্রাসী ও মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তা প্রমাণ করেছে।

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।