দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বছরের এপ্রিলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা পাঁচ মাস পিছিয়ে ২০২৭ সালের সেপ্টেম্বরে আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ, নির্ধারিত সময়ের পরিবর্তে আরও অপেক্ষা করতে হবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সূচি পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ান গেমসও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ান গেমসের ১৩তম আসর। এরপর থেকেই ১৪তম আসর আয়োজন নিয়ে নানা জটিলতা দেখা দেয়। প্রথমে ২০২৩ সালে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে কয়েক দফায় নতুন তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি এই ক্রীড়া আয়োজন।
এবার আগামী এপ্রিলে আসরটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া সূচির পরিবর্তনের কারণে আবারও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে। তবে প্রতিযোগিতাটির চূড়ান্ত তারিখ ও আয়োজক সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দীর্ঘ বিরতির পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই আসর আয়োজনের অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

মন্তব্য করুন