চীন ও তুরস্কের সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ পরিস্থিতিতে নিজেদের সামরিক মহাকাশ সক্ষমতা দ্রুত শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রামানি।

শুক্রবার ভারতের সামরিক প্রস্তুতি ও ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান চীনের সহায়তায় স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন করছে। পাশাপাশি দেশটির নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোও সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর সঙ্গে তুরস্কের সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তা পাকিস্তানের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে।

ভারতের উদ্বেগের বড় কারণ শুধু পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ নয়। বরং গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অবস্থান নির্ণয় প্রযুক্তিতে চীনের উন্নত সক্ষমতা পাকিস্তান ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। এতে সামরিক অভিযান পরিচালনায় পাকিস্তানের সুবিধা বাড়তে পারে।

তবে চীনের সঙ্গে সরাসরি প্রযুক্তিগত প্রতিযোগিতায় না গিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী সক্ষমতা তৈরির পরামর্শ দিয়েছেন জেনারেল সুব্রামানি। বিশেষ করে সীমান্ত পর্যবেক্ষণ এবং দ্রুত তথ্য সংগ্রহের জন্য আরও বেশি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এদিকে ভারতের সামরিক মহাকাশ নজরদারি জোরদারে ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে চীনের স্যাটেলাইটবিধ্বংসী ও ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তির উন্নয়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে ভারত।